জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের উদ্যোগে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। ‘টেকসই বিশ্বের পথে অগ্রযাত্রা: জীববিজ্ঞান ও ভূবিজ্ঞানের ভূমিকা’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।
সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে—প্রাণিবিজ্ঞান, সামুদ্রিক সম্পদ ও ব্লু ইকোনমি, প্রাণরসায়ন, জিনোমিকস ও বায়োইনফরমেটিকস, জিন প্রকৌশল ও উদীয়মান প্রযুক্তি, মাইক্রোবায়োম ও জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান ও আধুনিক ওষুধ উদ্ভাবন, খাদ্যনিরাপত্তা ও পরিবেশবান্ধব উদ্ভিদভিত্তিক সমাধান, এবং জলবায়ু, নগরায়ণ ও পরিবেশসহ টেকসই উন্নয়নের ভূ-স্থানিক দিকসমূহ।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে।
-
প্রথম ধাপ (১–৭ নভেম্বর): শিক্ষার্থীদের ফি ১,০০০ টাকা; পেশাদার ও করপোরেট পেশাদারদের ২,৫০০ টাকা; সহযোগীদের ২,০০০ টাকা এবং বিদেশি অংশগ্রহণকারীদের জন্য ২০০ মার্কিন ডলার।
-
দ্বিতীয় ধাপ (৮–১৫ নভেম্বর): শিক্ষার্থীদের ফি ১,২০০ টাকা; পেশাদারদের ৩,০০০ টাকা; করপোরেট পেশাদারদের ৪,০০০ টাকা; সহযোগীদের ২,৫০০ টাকা এবং বিদেশিদের জন্য ২৫০ মার্কিন ডলার।
অংশগ্রহণকারীরা অনলাইনে https://iclessd.jnu.ac.bd/portal/registration লিংকের মাধ্যমে বা সরাসরি সম্মেলন ভেন্যুতে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
সম্মেলনের আয়োজক কমিটিতে রয়েছেন—উপাচার্য রেজাউল করিম, কোষাধ্যক্ষ সাবিনা শরমীন, ডিন মল্লিক আকরাম হোসেন, কাজী শাখাওয়াত হোসেন, সামসাদ আফরিন ও রফিকুল ইসলাম।
কি–নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার বাকরি বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক আরডি আরডিয়ানসাহ এবং মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ তারিকুর রহমান। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নেপাল ও ভারতের গবেষক ও উদ্ভাবকরাও অংশ নেবেন।
অনুষদের ডিন মল্লিক আকরাম হোসেন জানান, ‘আইসিএলইএসএসডি–২০২৫’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো টেকসই বিশ্ব নির্মাণে জীববিজ্ঞান ও ভূবিজ্ঞানের ভূমিকা তুলে ধরা। তাঁর মতে, এই আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর সংযোগ স্থাপনে সহায়ক হবে।
তিনি আরও বলেন, প্রাণিবিজ্ঞান, জিন প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা বিনিময়ের মাধ্যমে এই সম্মেলন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকরা মৌখিক ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে তাঁদের গবেষণাকর্ম প্রদর্শন করবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ